এনভিডিয়ার এআরএম অধিগ্রহণ ঠেকাতে মামলা করলো এফটিসি

৪ ডিসেম্বর, ২০২১ ০২:২২  
মাইক্রোচিপ নকশাকারী ব্রিটিশ প্রতিষ্ঠান এআরএম-কে অধিগ্রহণ করার উদ্যোগ নিয়েছিলো মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। তবে এই অধিগ্রহণ ঠেকাতে আদালতে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। খবর রয়টার্স। গত বৃহস্পতিবার দায়ের করার মামলায় বলা হয়, এই দুই প্রতিষ্ঠান এক হয়ে গেলে সেমিকন্ডাক্টর খাতে ভারসাম্য নষ্ট করার মতো নিয়ন্ত্রণ পাবে তারা। এটি প্রতিযোগিতার পথ রুদ্ধ করে দেবে। প্রায় চার হাজার কোটি ডলারের এই অধিগ্রহণ সেমিকন্ডাক্টর জগতে বিশ্বের সর্বকালের বৃহত্তম চুক্তি হতে যাচ্ছিলো। গত বছরের সেপ্টেম্বর মাসে সফটব্যাংকের সিংহভাগ মালিকানা থেকে এআরএমকে কেনার ঘোষণা দেয় এনভিডিয়া। পরবর্তী দেড় বছরের মধ্যে চুক্তিটি সম্পন্ন হতে পারে বলে তখন ধারণা করা হয়েছিলো। তবে বিশ্বব্যাপী একাধিত নিয়ন্ত্রক সংস্থা এই চুক্তি নিয়ে তদন্ত শুরু করেছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি, চীন, যুক্তরাজ্য এবং ইউরোপীয় কমিশন তদন্ত শুরু করেছে। ডিবিটেক/বিএমটি